ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত চার দিনের মধ্যে দেশটিতে দফায় দফায় হামলায় আহত হয়েছেন আরও হাজারো মানুষ।
মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
সংবাদে বলা হয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর মঙ্গলবার পর্যন্ত ৭৮০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। হামলায় আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।
তবে এএফপি জানিয়েছে, ইরানে চলমান সংঘাতের হতাহতের বিষয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানে নিযুক্ত রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন দলের মাঠ পর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে মার্কিন-ইসরায়েলি হামলায় ৭৮৭ জন নিহত হয়েছেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি স্থানে এক হাজারের বেশি হামলা চালানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির প্রতিনিধি জানিয়েছেন। এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ এবং মধ্যাঞ্চলের শহর ইসফাহানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আরএন