লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আনোয়ার হোসেন ও যুবক রাকিব হোসেন নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এলাকায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী রাকিব মারা যান। এছাড়া রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে সিএনজি চালিত অটোরিকশার চাপায় আনোয়ার মারা যান।
নিহত রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। অপর নিহত আনোয়ার রায়পুরের চরপাতা এলাকার বাসিন্দা ও একজন টিউবওয়েল মিস্ত্রি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে বাসটি মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিল। রাকিব তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বাসটি সাইড নিতে গেলে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে গুরুতর আহত হয়ে রাকিব ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনোয়ার বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, রাকিবের মৃত্যুর ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরএইচ/আরএন