দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই আরএফএল কোম্পানির কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারে পূর্বে তৈইপাড়া নামক স্থানে দশমাইল-রংপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে থানা ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হোসেন (২৭)—আরএফএল কোম্পানির এসআর কর্মকর্তা—ভোরে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুরে আরএফএল কারখানায় যাচ্ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে দশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচাজর্ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ রাস্তা থেকে সরিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমইউএ/এসআর