দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় তাদের নিকট থেকে ইয়াবা ও বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ১ নং খট্টামধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড়ে মো. তুফানুর বসতবাড়ির আঙিনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের নিকট থেকে মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় নিয়ে এসে এজাহার দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. পলাশ হোসেন (৩৮), মো. জুয়েল হোসেন (৩৭), মো. লাল চান আলী (২৭), মো. পিয়ারুল ইসলাম (২৭), মো. আজাদুল ইসলাম (৩৮), মো. শাহিন বাবু (৩২), মো. মারুফ হোসেন (১৯) ও মো. নুর জামান (৩৬)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর ও বিরামপুর থানা এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এমআর/এমএ