নাটোরের সিংড়া উপজেলায় লক্ষাধিক টাকা মূল্যের সরকারি গাছ জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ভোগা বসন্তপুর সরকারি খাল এলাকা থেকে আটটি ইউক্যালিপটাস গাছ জব্দ করা হয়। এ সময় গাছ বহনকারী একটি নসিমনসহ চালককে আটক করা হয়েছে।
আটক নসিমন চালক নাসিম হোসেন (৩২) উপজেলার রনবাঘা গ্রামের মাহাবুর রহমানের ছেলে।
উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, পানাউল্লাহ খালে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণ করা গাছ কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গাছ কাটার সঙ্গে জড়িত কয়েকজন দুষ্কৃতিকারী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গাছ বহনকারী নসিমন গাড়িসহ চালককে আটক করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআই/আরএন