রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের সরকারি আশ্রয়ণ প্রকল্পের জমি থেকে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে কৃষক দলের নেতা নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচ-ছয়টি গাছ কেটে পালা দিয়ে রাখা হয়েছে। পাশেই একজন ব্যবসায়ীর নিকট ডালপালা বিক্রি করে দেওয়া হয়েছে।
অভিযুক্ত নজরুল ইসলাম মোল্লা দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল মোল্লার ভাই এবং উপজেলা কৃষক দলের সহ-সভাপতি।
স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আসমা বলেন, '১৫/২০ বছর আগে পাশের ঘরের মনোয়ারা বেগম ৪/৫টি চারা গাছ অভাবে পড়ে উনার কাছ ১৩/১৪ শত টাকায় বিক্রি করে দেন। দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সেই গাছ কাটতে পারে নাই তাই এখন কাটছে।'
আবদুর রাজ্জাক শেখসহ অন্যরা এ কথায় সহমত প্রকাশ করেন।
অভিযুক্ত নজরুল ইসলাম মোল্লা বলেন, 'সেই সময় মনোয়ারা বেগমের কাছ থেকে কয়েকটি গাছ কেনা ছিল। সম্প্রতি আরও কিছু গাছ কিনেছি। মনোয়ারা বেগমের স্বামী মারা গেছে। এছাড়া অনেকেই মেয়ের বিয়েসহ অভাবে পড়েই গাছ বিক্রি করেছে। সরকার তাদের ঘর ও দুই শতাংশ জমি লিখে দিয়েছে সেই জমির গাছ তারা বিক্রি করছে। গাছ কাটতে না পারলে বা গাছ কাটায় বাঁধা থাকলে আমি তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নিবো। আমার তো কোনো লস নেই। দরকার হলে সুদসহ টাকা ফেরত নিবো।
তিনি বলেন, 'আমাদের সাথে পারিবারিক বিরোধ রয়েছে একটি পরিবারের। মূলত তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।'
উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, 'তাদেরকে জমি বুঝে দিলেও এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে উপজেলা প্রশাসন। তবে সেখানে বসবাস করা বা ফল গাছ লাগিয়ে খাওয়া গেলেও কাছ কাটা যাবে না বলেই জানি।'
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, 'আশ্রয়ণ প্রকল্পের জমি থেকে গাছ কাটা অন্যায়। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম।'
এখনই ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি।
এসআই/এমএ