ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ এএম
X

বরগুনার পাথরঘাটায় সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার বিরুদ্ধে। সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ইঞ্জিনটি মাত্র ১১ হাজার টাকায় একটি ভাঙারি দোকানে বিক্রি করার সময় তা জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাঙারি দোকান থেকে ইঞ্জিনটি উদ্ধার করা হয়। 

অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

ইঞ্জিনের মালিক আলমগীর খলিফা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট বাজার এলাকা থেকে ইঞ্জিনটি চুরি হয়। তিনি তার ট্রলারের জন্য দুটি ইঞ্জিন কিনেছিলেন, যার একটি ট্রলারে লাগানো ছিল এবং অন্যটি সংরক্ষিত ছিল। বুধবার সকালে চুরির বিষয়টি জানাজানি হলে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তালতলা এলাকার একটি ভাঙারি দোকানে ইঞ্জিনটি শনাক্ত করা হয়।

তিনি দাবি করেন, ওই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে জসীম উদ্দীন মৃধা নিজে ইঞ্জিনটি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন। ৪ লাখ ৫০ হাজার টাকার ইঞ্জিনটি মাত্র ১১ হাজার টাকা বিক্রি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চুরির অভিযোগ অস্বীকার করে জসীম উদ্দীন মৃধা জানান, এলাকার ছোট ভাইয়েরা একটি পরিত্যক্ত ইঞ্জিন নিয়ে বাজারে এসেছিল। তারা ছোট হওয়ায় কেউ কিনতে চাচ্ছিল না, তাই আমি তাদের হয়ে সেটি বিক্রি করে দিয়েছি। আমাকে হেয় করার জন্য চুরির মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. শাহেদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত আছে এবং ইঞ্জিনটি জব্দ করা হয়েছে। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝