শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খাল ও ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাতে কাংশা ইউনিয়নের গারো পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম ও আল আমিন। তাদের বাড়ি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও এলাকায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাদের কাছে তথ্য ছিল, গারো পাহাড়ের খাল ও ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের করে আসছেন কিছু অসাধু ব্যক্তি। বুধবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গান্ধীগাঁও এলাকার মো. আবুল কালাম ও আল আমিন নামে দুই ব্যক্তিকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বাজেয়াপ্তপূর্বক সরকারি কোষাগারে টাকা জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, 'কোথাও অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
জেএইচ/এমএ