দিনাজপুরের নবাবগঞ্জে কিটনাশক কিনতে বাজারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফিরোজ নূর (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই খায়রুল আলম বলেন, ফিরোজ নূর বাড়ি থেকে কিটনাশক কিনতে মটরসাইকেলযোগে গোলাপগঞ্জ বাজার যাচ্ছিলেন। পথে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে অপর দিক থেকে আসা একটি সিএনজি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দে বলেন, স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএম/আরএন