সিরাজগঞ্জের কাজিপুরে ঘোড়া জবাই করে ঢাকায় পাঠানোর সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে কারাগারে পাঠান।
গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে মো. কাওছার আলী পলাশ (৩৫) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যমুনার চরে আটটি ঘোড়া জবাই করে বিক্রির জন্য ঢাকার গাজীপুরে নেওয়া হচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি বস্তায় রাখা ৪০০ কেজি মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১–এর ৪(২) ধারা ভঙ্গের দায়ে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবি/আরএন