ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্বাস্থ্যখাত হবে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত: স্বাস্থ্যমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ৪:২৩ পিএম
X

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট চালুর ইচ্ছার কথাও জানান তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নরসিংদীসহ দেশের যেসব স্থানে মেডিকেল কলেজ প্রয়োজন, পর্যায়ক্রমে সেসব এলাকাতেই তা প্রতিষ্ঠা করা হবে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। তিনি বলেন, “মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের কাছে যাবে।” স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে জনস্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন।

নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে তিনি বলেন, মনোহরদী ও বেলাব উপজেলার মানুষের ভালোবাসায় তিনি নির্বাচিত হয়েছেন। তাই এলাকার উন্নয়ন অগ্রাধিকার পাবে। তবে সমগ্র দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, “যারা আমাদের ভোট দিয়েছেন, তাদের প্রতি যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমান দায় রয়েছে। সকল প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে তিনি নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে গেলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝