সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বগুড়া–নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হৃদয় হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. শাহিনুর রহমান জানান, হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেল চালিয়ে পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবি/আরএন