ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসমাইল (৬২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল মৃত আবদুল রাজ্জাকের ছেলে। ইসমাইল ও আলকাস নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
বুধবার দুপুরে বাড়ির জমিজমার মালিকানা নিয়ে ইসমাইল ও ছোট ভাই আলকাসের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ছোট ভাই আলকাস তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইলকে মাথায় আঘাত করেন। এতে ইসমাইল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা ইসমাইলকে দ্রুত নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টির মীমাংসার জন্য বুধবার বিকেলে গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিরা বসার কথা ছিল। তার আগেই সকালে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হলে ছোট ভাই লাঠি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয় বলে তারা দাবি করেন।
অপরদিকে, ঘটনার পর থেকে আলকাস ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএস/আরএন