একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বাদ দিলে ফেনী জেলা থেকে গত ৩৬ বছরে পূর্ণ মন্ত্রী হিসেবে কেউ দায়িত্ব পাননি। এবার সেই খরা কাটল। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। মিন্টু মন্ত্রী হওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন দলীয় নেতা–কর্মীরা।
আবদুল আউয়াল মিন্টুর মন্ত্রী হওয়ার খবর শোনার পর তাঁর জন্মস্থান ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন।
দাগনভূঞা উপজেলা সদর, বেকের বাজার এলাকা এবং সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। স্লোগান দিয়ে উদ্যাপন করতে দেখা যায় নেতা–কর্মীদের। স্থানীয় নেতা–কর্মীরা মিন্টুর এ সাফল্যকে এলাকার জন্য বড় অর্জন বলে অভিহিত করেন।
ফেনী-৩ আসনের উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু একজন অভিজ্ঞ ব্যক্তি। তাঁকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দাগনভূঞা, সোনাগাজীসহ সারা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা বিশ্বাস করি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবদুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুল আউয়াল মিন্টু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।
এটি/আরএন