আট বছর আগের চড়-থাপ্পড় ফিরিয়ে দিয়ে নাটোরের সিংড়ার এক যুবদল নেতা বহিস্কার হয়েছেন। রোববার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিস্কারের বিষয়টি জানানো হয়েছে।
বহিস্কৃত শামীম হোসেন উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনাচারের কারণে যুবদল নেতা শামীম হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। ইতিমধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিস্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে ছাতারদীঘি ইউনিয়নের আ’লীগের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দকে আট বছর আগের চড়-থাপ্পড় ফিরিয়ে দিয়ে আলোড়ন সৃষ্টি করেন যুবদল নেতা শামীম হোসেন।
এদিকে, বহিস্কারের পর যুবদল নেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। চড়াই উৎরাই পারি দিয়েই নেতৃত্ব দিতে হয়। বহিস্কার তো অনেকেই হয়েছে কারণ শুধু আলাদা আলাদা।
এসআই/এমএ