ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে রবিবার থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ।
সকালে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে বন্ধ সংক্রান্ত একটি নোটিশ টাঙানো দেখা যায়।
সৌধ কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদ বেদিতে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। এবারও শপথ বাক্য পাঠের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা স্মৃতিসৌধে আসবেন। এজন্য সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কবে নাগাদ সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তার চূরান্ত তারিখ ঠিক না হলেও সৌধ কর্তৃপক্ষ বলছে, যেদিন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেদিন পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী একদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে সৌধের বেদিতে ফুল দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এবারো শপথ বাক্য পাঠের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে সৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ওএফ/এসআর