নাটোরের সিংড়া উপজেলার ১১ নম্বর ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেনকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের ঘটনায় যুবদল নেতা শামীম হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
শনিবার সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। আর অভিযুক্ত যুবদল নেতার নাম শামীম হোসেন। সে ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৭ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে যুবদল নেতা শামীম হোসেনকে চড়-থাপ্পড় মারেন চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন। দীর্ঘ আট বছর পর ধানের শীষ বিজয়ের একদিন পর আবার সেই একই বাজারে চেয়ারম্যান আলতাব হোসেনকে চড়-থাপ্পড় ফিরিয়ে দেন যুবদল নেতা শামীম হোসেন।
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শামীম হোসেন বলেন, ২০১৭ সালে ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আলতাব হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাকে চড়-থাপ্পড় ও বেপরোয়াভাবে কিল-ঘুসি মেরেছিলেন। এই নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করায় তাকে মার খেতে হয়েছিল। তাই চড়-থাপ্পড়ের বদলে শুধু চড়-থাপ্পড় দেয়া হয়েছে।
তবে সাবেক ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, তিনি কখনও তাকে মারধর করেননি। তবে ২০১৭ সালে ওই বাজার অনুষ্ঠিত একটি ইসলামী জালসার পাশে যুবদল নেতা শামীম হোসেন সহ কয়েকজন খিচুড়ির আয়োজন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই সময়ে একটি হট্রগোল হয়েছিল।
সিংড়া থানার ওসি আ,স,ম আব্দুন নূর বলেন, এই ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।
এসআই/এসআর