ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন নির্বাচিত হওয়ার পর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জুকে মিষ্টিমুখ করিয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে মিষ্টিমুখ করিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দেন।
নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী, ফেনী-২ (সদর) আসনে জয়নাল আবেদীন এক লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট।
এ সময় এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশ আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। এক পক্ষ জয়লাভ করলে আরেক পক্ষ এলাকা ছাড়া হয়ে যায়—এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইতোমধ্যে যে কয়েকটি ঘটনা ঘটেছে তা বিএনপির নেতৃত্বকে জানিয়েছি। আমরা আশা করি, সেগুলোর সুবিচার হবে। আমরা বিশ্বাস করি, ফেনীতে হৃদ্যতাপূর্ণভাবে আগামী দিনের রাজনীতি করব। একে অপরের উন্নয়নে সহযোগী হব এবং প্রতিটি ভালো কাজে একসঙ্গে থাকব। আমি অনুরোধ করব, বিএনপির পক্ষ থেকে প্রত্যেক এলাকায় যেন একটি করে সম্প্রীতির সভা করা হয়।
ফেনী-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেন, আমি নির্বাচিত হয়েছি, তার অর্থ এই নয় যে আমরা যা ইচ্ছা তাই করব। আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে—যে উদ্দেশ্যে আমরা এই দেশ স্বাধীন করেছি, মানুষের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য—সেটি বহাল রাখা ও যথাযথভাবে পালন করা। মানুষের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের মাধ্যমে মানুষ যেন বাঁচতে পারে, সে জন্য আমরা কাজ করব।
এ সময় এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক ফজলুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদল সভাপতি নাসির উদ্দিন খোন্দকারসহ বিএনপি ও এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এটি/আরএন