রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাগেরহাটের মোরেলগঞ্জে ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রকে “অধিক ঝুঁকিপূর্ণ” হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১,৫২১ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ৯৬টি কেন্দ্রসহ সব ১১৭টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাঠে আছেন ৩টি জোনের ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ স্তরের সেনাবাহিনী টিম, র্যাব, ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন ব্যাটালিয়ান আনসার, ৪ সদস্য বিশিষ্ট পুলিশের মোবাইল টিম, ৮ সদস্য বিশিষ্ট স্টাইকিং ফোর্সের ২টি টিম, আনসার ও গ্রাম পুলিশ।
প্রতিটি সাধারণ কেন্দ্রে ২ জন করে, এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য দায়িত্বে থাকছেন। উপজেলা প্রশাসন ভোট বাক্স, ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করেছে।
মোরেলগঞ্জ–শরণখোলা আসনটি ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ভৌগলিকভাবে এটি সীমান্তবর্তী সুন্দরবন ঘেঁষা এবং বঙ্গোপসাগরের তীরবর্তী। এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে একজন স্বতন্ত্র প্রার্থী সরে যাওয়ায় এখন ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। এর মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় ভোটার ২ লাখ ৭৩ হাজার ৪৫০ জন, শরণখোলা উপজেলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন। দুই উপজেলায় নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৬৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ২১২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। মোরেলগঞ্জে ১১৭টি ভোট কেন্দ্র, শরণখোলায় ৩৮টি।
মোরেলগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহানা আক্তার জানান, প্রতিটি কেন্দ্রে ১৩ সদস্যের টিম দায়িত্ব পালন করছে, যার মধ্যে একজন সেকশন কমান্ডার ও একজন সহকারী কমান্ডার অস্ত্রধারী থাকছেন। ৩১৮টি আগ্নেয়াস্ত্রও কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের কাছে রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার দায়িত্বে রয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং ভোটের দিন কেন্দ্রে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে। এছাড়া পুলিশ বডি ক্যামেরা, ৬ স্তরের সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ব্যাটালিয়ান পুলিশ, আনসার সদস্যসহ সার্বক্ষণিক ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন।
একে/ এসআর