ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গণপরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা, অতিরিক্ত চাপে দীর্ঘ যানজট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম
X

ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারের নির্বাহী আদেশে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলসহ সারা দেশে ছুটি ঘোষণা করায় লম্বা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপ বৃদ্ধি পেয়েছে। রাজধানীর উপকন্ঠ সাভার-আশুলিয়ার শিল্প কারখানার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা একযোগে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়ায় সড়ক-মহাসড়কের যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। 

তবে প্রয়োজনের তুলনায় গণপরিবহনের সংকট তৈরী হওয়ায় কাঙ্খিত পরিবহনের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাড়িয়ে থাকতে হচ্ছে তাদেরকে। অনেকেই কাঙ্খিত পরিবহন না পেয়ে অটোরিক্সা, মোটরসাইকেল ও ট্রাকযোগে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছে। আবার কেউ গাড়ি না পেয়ে শিশু সন্তানসহ রাস্তায় অপেক্ষা করছে। 

অন্যদিকে অতিরিক্ত যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ায় পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ভুক্তভোগী যাত্রীরা।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নামে। একসাথে এতো যাত্রী এবং পরিবহন সামাল দিতে গিয়ে হিমসিম খাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাভারের হেমায়েতপুর, ফুলবাড়িয়া, উলাইল, পাকিজা, রেডিও কলোনী, সিএন্ডবি, বিশমাইল, নবীনগর, বাইপাইলসহ বিভিন্ন পয়েন্টে শাখা সড়ক ছাড়াও মূল সড়কে গাড়ি থামিয়ে যাত্রী উঠানোর কারনে ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ১০ কিলোমিটার যানজটের খবর পাওয়া গেছে। 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, গেন্ডা, পাকিজা, রেডিও কলোনী ও সিএন্ডবি এলাকার ইউটার্ন এলাকায় যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানোর কারনে দীর্ঘ জানজটের সৃষ্টি হচ্ছে। একইভাবে নবীনগর-চন্দ্রা সড়কের পলাশবাড়ি থেকে বাইপাইল, ইপিজেড ও চক্রবর্তী থেকে বাড়ইপাড়া পর্যন্ত সড়কে প্রায় সাড়ে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া  নবীনগর থেকে পল্লীবদ্যুৎ এলাকায় এবং আশুলিয়া থেকে জামগড়া পর্যন্ত সড়কেও যানবাহনের ধীরগতি রয়েছে।

বাসযাত্রী আমিনুল ইসলাম জানান, দুপুর ১২ টায় গাবতলী থেকে রংপুরে যাওয়ার জন্য গাড়ি ছেড়ে আসে। কিন্তু পথে পথে যানজট এবং ধীর গতির কারনে আশুলিয়ার শ্রীপুরে আসতে সময় লেগেছে প্রায় ৫ ঘন্টা। 

আরেক যাত্রী সুমি আক্তার বলেন, বাসের জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। পরে বাস পেলে ভাড়া নিচ্ছে দ্বিগুণ। সড়কের নবীনগর থেকে বাসে উঠে জিরানী পর্যন্ত যেতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে বলে জানান তিনি।

মৌমিতা পরিবহনের চালক মোমিনুল ইসলাম বলেন, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটে বসে থাকতে হয়। তবে যাত্রীর চাপ থাকলেও যানজটের কারণে বেশি আয় করা সম্ভব নয় বলে জানান তিনি। 

মালবাহি ট্রাকের উপর চেপে বসা যাত্রী সাইফুল ইসলাম বলেন, সরকার ছুটি দেয়ায় ভোট দেয়ার জন্য বাড়িতে যাচ্ছি। কিন্তু গাড়িওয়ালারা ভাড়া ডাবল চাওয়া এবং প্রয়োজনীয় অর্থ না থাকায় বাধ্য হয়েই মালবাহি ট্রাকে উঠেছেন।
 
সাভারের পাকিজা এলাকায় কাউন্টারের সামনে দাড়িয়ে থাকায় শফিকুল ইসলাম বলেন, পরিবার নিয়ে গ্রামে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বেড় হয়েছি। দুপুর গড়িয়ে গেলেও কাঙ্খিত বাস পাচ্ছে না। ভাড়া দ্বিগুন হলেও কোন বাসেই সিট পাওয়া যাচ্ছেনা। অনেকেই বাসের ভাড়ার সাথে তাল মেলাতে না পারায় ট্রাক এবং পিকআপে করে গন্তব্যে উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।
 
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান জানান, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর। তবে আমরা যানজট নিরসনে কাজ করছি। এছাড়া সেনাবাহিনীও কাজ করছে। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গতঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনন উপলক্ষে সরকার ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলসহ সারা দেশে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এই লম্বা ছুটিকে কেন্দ্র করেই মূলত মহাসড়কগুলোতে যাত্রীদের এই বাড়তি চাপ তৈরি হয়েছে। টানা ছুটিতে মানুষ রাজধানী ছাড়তে শুরু করায় সোমবার সন্ধ্যা থেকেই সাভারের তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তবে এই ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে পরিবহন খাত, যার ফলে দেখা দিয়েছে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি।

ওএফ/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝