Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

সিরাজগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রচারণা, জয়ী হতে মরিয়া বিএনপি-জামায়াত

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৩৩৬)

সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনে এখন চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা বাড়ি বাড়ি ছুটছেন এবং ভোট প্রার্থনা করছেন। এছাড়া মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে নির্বাচনী সভা ও গণসংযোগসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

তবে বিভিন্ন দল নির্বাচনের মাঠে থাকলেও এক সময়ের বিএনপির ঘাঁটি বলে পরিচিত সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের এবার প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। তারপরও এবার বিএনপি ছয়টি আসনেই জয়ের আশা করছে। তবে সিরাজগঞ্জের ছয় আসনেই বিএনপি-জামায়াত মনোনীত প্রার্থীরা শক্তভাবে মাঠে নেমেছেন। অন্যান্য দলের প্রার্থী থাকলেও সিরাজগঞ্জে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

নির্বাচনী প্রচারণা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজগঞ্জে বিএনপিকে জামায়াতের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। সিরাজগঞ্জে জয় পেতে বিএনপি ও জামায়াত মরিয়া হয়ে উঠেছে। বিশেষ করে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রবল চাপে পড়েছে বিএনপি।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি নির্বাচনী মাঠে বেশ সক্রিয়। আসনটিতে এবার জামায়াত চমক দেখাবে বলে ধারণা করছেন দলের নেতাকর্মীরা। তবে এখানে বিএনপির শক্তিশালী বিশাল কর্মীবাহিনী রয়েছে। আসনটিতে বিএনপির শক্তিশালী প্রার্থী সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী। এই আসনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে সাধারণ ভোটাররা মনে করছেন।

এছাড়া সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রবল চাপে পড়েছে বিএনপি। এখানে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। ১১ দলীয় জোটের কারণে এই আসনটি জামায়াতে ইসলামীর প্রার্থীকে ছেড়ে দিতে হয়েছে এনসিপিকে। যার কারণে বিএনপির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের এনসিপির হয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলমকে সমর্থন দিয়ে তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় মাঠে রয়েছেন। মেজর মনজুর কাদেরের ব্যক্তিগত জনপ্রিয়তা ও জামায়াতে ইসলামীর নিজস্ব ভোটব্যাংক থাকায় এখানে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন সাধারণ মানুষ ও ভোটাররা।

তবে সবকটি আসনেই ভাগ বসাতে চাইছে জামায়াতে ইসলামী। সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জামায়াতে ইসলামীর সরাসরি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বাকি দুই আসনে তাদের জোটগত দলকে ছেড়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী।

নির্বাচনী প্রচারণায় বিএনপি জামায়াতের প্রতি ইঙ্গিত করে মুক্তিযুদ্ধবিরোধী, নারী বিদ্বেষীসহ নানা বক্তব্য জনগণের মাঝে তুলে ধরছেন। অপরদিকে জামায়াত বিএনপিকে চাঁদাবাজিসহ নানা অভিযোগ তুলে ধরে ভোটারদের নিজেদের দলের দিকে টানার চেষ্টা করছে।

নির্বাচনী মাঠে বর্তমানে ৩৭ জন প্রার্থী রয়েছেন। অন্যান্য দল নির্বাচনের মাঠে থাকলেও ততটা সরব নয়। তবে বিএনপি ও জামায়াত দিনরাত কঠোর পরিশ্রম করছেন ভোটারদের নিজেদের দিকে টানার জন্য, বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের।

সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ১৩ লাখ ৩৫ হাজার ৩১৭ জন নারী ভোটার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জামায়াতে ইসলামী বিএনপির ওপর ভর করে রাজনীতি করেছে। অথচ দলটি নিজেদেরকে প্রচণ্ড শক্তিশালী ভাবছে। আসলে তারা ১৯৪৭ ও ১৯৭১ সালে বিরোধিতা করেছে। তারা নারী বিদ্বেষী। ধর্ম নিয়ে রাজনীতি করে—তাদের মানুষ চেনে ও জানে। সিরাজগঞ্জের ভোটাররা তাদের ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে এবং ছয়টি আসনেই বিএনপি জয় পাবে বলে তিনি দাবি করেন।

জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মানুষ বস্তাপচা রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। তারা পরিবর্তন চায়। চাঁদাবাজ ও সম্পদ লুণ্ঠনকারীদের এবার ভোটাররা প্রত্যাখ্যান করবে। তাই সিরাজগঞ্জের মানুষ এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে।

এবি/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close