নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত গৃহবধূর শাশুড়ি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই এলাকার বাসিন্দা মোন্তার আলীর পুত্রবধূ আতিয়া (২৩) ও তার এক বছর বয়সী শিশু কন্যা রওজা। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া মোন্তার আলীর স্ত্রী মর্জিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে মোন্তার আলীর বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা আতিয়া ও তার শিশু কন্যা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অগ্নিকাণ্ডে মোন্তার আলীর দুটি এবং তার ছেলে মিন্টুর দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ পাশের একটি মুদিদোকানও আগুনে ভস্মীভূত হয়। এছাড়া আগুনে দগ্ধ হয়ে ১২টি ছাগল মারা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ৪০ হাজার টাকা ও শুকনা খাবার তুলে দেন এবং পরবর্তীতে আরও সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এমএ/আরএন