গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) এবং একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং জিকার সরদার ও হাসিব শেখ নামে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএইচ/আরএন