মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে গত ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজার এলাকায় পরিত্যক্ত এয়ারগান থাকার সম্ভাবনা রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মতিগঞ্জ বাজার ও এর আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় বাজারসংলগ্ন উদনাহুড়া ব্রিজের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব জানায়, এ ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আরএ/আরএন