দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ চৌধুরীসহ ১৫ নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাদারীপুর জেলা কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ ঘোষণা দেন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম। একই সঙ্গে নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা লোকমান হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন— মাদারীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা হাবীব আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মুফতি উসামা খান মাদানী, মাওলানা ইমরান হুসাইন খান, মাওলানা মুহাম্মাদুল্লাহ ফাহমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল খান, মাওলানা মারুফ বিল্লাহ সাক্বাফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল হাবীব, সহ-অফিস সম্পাদক মাওলানা সাজিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি ইমরান কাজী, জেলা নির্বাহী সদস্য মুফতি সরোয়ার হোসেন, রাজৈর উপজেলা সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা অহিদুজ্জামান, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ এবং শিবচর উপজেলা সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা লোকমান হোসেন বলেন, মাদারীপুর-১ আসনে সাইদ উদ্দিন আহমাদ হানজালা ও মাদারীপুর-২ আসনে মুফতি আব্দুস সোবাহানকে ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু ওই প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা না করে দলের কিছু নেতা প্রকাশ্যে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে কাজ করছেন—এমন অভিযোগ ওঠে।
তিনি আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আনসার ক্যাম্প সংলগ্ন জেলা কার্যালয়ে জেলা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে ১৫ নেতার পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে স্থগিত নেতাদের কোথাও দলীয় পদ ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে। ভবিষ্যতে নির্বাহী কমিটির কাছে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম বলেন, “যদি তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন, তাহলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি দলের সঙ্গে বেঈমানির শামিল।”
সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এএইচ/আরএন