ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইনকিলাব মঞ্চের ওপর হামলার ঘটনায় দিনাজপুরে সড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর হাসপাতাল মোড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে পৌনে ৮টার দিকে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে অবস্থান নেয়।

এতে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়ে।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না করে উল্টো আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তারা বলেন, হাদি হত্যার আন্তর্জাতিক ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি প্রেরণের দাবি জানানো হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার এই সামান্য দাবিটিও পূরণ না করে বিচারপ্রার্থীদের ওপর হামলা চালিয়েছে।

তারা আরও বলেন, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিচার দাবি জানাতে গেলে পুলিশ বিনা উসকানিতে হামলা চালায়। অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক হাসিন ইশরাক মিম, শ্রমিক শক্তির জেলা কমিটির সদস্য সচিব রাতিন, জেলা কমিটির মুখ্য সংগঠক সাগর, সংগঠক সাথী ও মিষ্টি, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হযরত আলী অনিক, সদস্য সচিব অয়নসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পাশাপাশি জলকামান ব্যবহার করা হয়।

পরিস্থিতি আরও জটিল হলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএসসহ বেশ কয়েকজন আহত হন।

রাত ৯টা পর্যন্ত খবর পাঠানো সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফুলবাড়ী বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর অবস্থান করছিল।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝