ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল সংসদের উদ্যোগে এককালীন শিক্ষাবৃত্তি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ ওসমান গণী, রিদোয়ান কবির ফাউন্ডেশন ও অন্যান্যদের সহায়তায় প্রায় ৬০ জন শিক্ষার্থীর জন্য ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হল অডিটোরিয়ামে ‘এককালীন শিক্ষাবৃত্তি প্রকল্প–২০২৫’ অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর জিএস সাইদ বিন হাবিব, হল প্রাধ্যক্ষ ড. শাহীন খান, সহকারী প্রক্টর রফিকুল ইসলাম, হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী, জিএস মাসুম আব্দুল্লাহ এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান। আরও উপস্থিত ছিলেন হল সংসদের সদস্য রুকন উদ্দীন ও আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হল সংসদের সদস্য মো. মঈনুল মুরসালিন।
হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী বলেন, ‘শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে বহু প্রচেষ্টার পর প্রায় ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এটি অত্যন্ত আনন্দের। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও ইশতেহার বাস্তবায়নের বিষয়টি আমরা বারবার স্মরণে রাখছি। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।’
এএএম/আরএন