আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাত ৮টার পরে নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করায় পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সারজিস আলমসহ জামায়াতের জেলা আমির ইকবাল হোসাইন, পুলিশ প্রশাসন ও বিজিবি উপস্থিত ছিলেন। নির্বাচনী সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহার করতে তাদের সতর্ক করা হয়।
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়াবুড়ি বাজারে সারজিস আলমের পথসভায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। এ সময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা চলছিল। সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রার্থী সারজিস আলম। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচন আচরণ বিধিমালার ১৭(২) ধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহার করতে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণ করছি। কেউ বিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে। বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের আচরণ বিধি সম্পর্কে অবগত হতে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানাকৃত অর্থ নগদ প্রদান করেছি। আগামীতে নির্ধারিত সময়ের মধ্যে আচরণ বিধি মেনে মাইক ব্যবহার করা হবে।
এসআই/আরএন