রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক। তিনি জানান, গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার জসিম উদ্দিন বুলুর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এসআই/এসআর