জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিণত করতে চান তিনি। যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া ও মাদকের মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের রক্ষা করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
পথসভায় বক্তব্যের শুরুতে তিনি কান্নাজড়িত কণ্ঠে ইউনিয়ন জামায়াতের প্রবীণ সদস্য আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
আনোয়ারুল ইসলাম বলেন, “খট্রামাধবপাড়া ইউনিয়নেই আমার জন্ম ও বেড়ে ওঠা। শৈশব-কৈশোর থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই ইনশাআল্লাহ।” তিনি দলমত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আপনাদের সমর্থন পেলে দিনাজপুর-৬ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা হবে।” হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হলেও অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ঘাটতির কথা তুলে ধরে তিনি বলেন, সংসদে যাওয়ার সুযোগ পেলে জনগণকে সঙ্গে নিয়ে হিলি স্থলবন্দর আধুনিকায়নে কাজ করবেন।
এছাড়া তিনি ব্রিটিশ আমলের ডাঙ্গাপাড়া স্টেশনে ট্রেন যাত্রাবিরতি এবং হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা করার আশ্বাস দেন।
পথসভা শেষে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে নিজেরা ভোটকেন্দ্রে গিয়ে এবং আশপাশের লোকজন ও আত্মীয়স্বজনকে সঙ্গে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
পথসভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, উপজেলা কর্মপরিষদের সদস্য মীর শহীদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলামসহ জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জিএমআরএম/এসআর