বরগুনার আমতলীতে গভীর রাতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার নিজ বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোছা নীচকাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার জালজালালী ওয়াল ইকরামের নেতৃত্বে আমতলী নৌবাহিনী কন্টিনজেন্ট এ অভিযান চালায়।
নৌবাহিনী সূত্র জানায়, অভিযানে মৃত বারেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৪০) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।
অভিযানকালে তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, রাসেল হাওলাদারের বিরুদ্ধে আমতলী থানায় তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়। থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নৌবাহিনীর ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযানে চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এএসকে/ এসআর