বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, ন্যায়বিচার কায়েম হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট। সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে একটি সুন্দর বাগান সাজানো হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের হেলিপ্যাড মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে, তারা এখন ভয় পাচ্ছে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই—ন্যায়বিচার সবার জন্য। এত দিন তোমাদের জীবন ছিল অপমানের, কারণ তোমরা ছিলে চোর, তোমরা জনগণের সম্পদ চুরি করেছ। এখন আমরা তোমাদের মর্যাদার আসনে বসাবো। তোমরা হবে দেশ গড়ার কারিগর। হালাল রুজি নিয়ে আমরা যেমন বাঁচব, তোমরাও তেমনি বাঁচবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যে বেতন-সুবিধা দেওয়া হয়, তা মোটেও যথেষ্ট নয়। অর্থাৎ রাষ্ট্রই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছে। যে রাষ্ট্র তার কর্মকর্তা-কর্মচারীদের সম্মান দিতে পারে না, সেই রাষ্ট্র কোনো কর্মকর্তা-কর্মচারী অপরাধ করলে তাদের বিচার করার নৈতিক অধিকার রাখে না। আগে তাদের সম্মান দিতে হবে, তারপর যদি কেউ অপরাধ করে, তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা বলি, এটি আমাদের দেশ—আপনাদের সবার দেশ। সবাই মিলে গড়ব আগামীর বাংলাদেশ।
তিনি আরও বলেন, কেউ কেউ ভুল করে কিংবা ইচ্ছাকৃতভাবে মায়েদের গায়ে হাত তোলে। আমরা তাদের পরিষ্কারভাবে জানাতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে হলেও মায়েদের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না। এ দেশের ৯ কোটি নারী আমাদের মা। এই মায়েদের আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা পাবে, পেশা গ্রহণ করবে এবং দেশ গঠনের দায়িত্ব নেবে। মায়েরা ঘরে, রাস্তায় ও কর্মস্থলে সর্বোচ্চ মর্যাদার সঙ্গে নিরাপদে কাজ করবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ভোট দুটি—প্রথমে ‘হ্যাঁ’ ভোট, পরে ‘দাঁড়িপাল্লা’। আগামী ১২ তারিখে আমরা প্রথমে ‘হ্যাঁ’ ভোট দিয়ে শুরু করব। তিনি আরও বলেন, কেউ কেউ প্রথমে ‘না’ ভোটের পক্ষে কার্যক্রম শুরু করেছিল, কিন্তু পরে দেখেছে জনস্রোতে ‘না’ ভোট ভেসে যাবে। সে খবর পেয়ে তারা এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। তাদের অভিনন্দন ও মোবারকবাদ।
পরে তিনি লালমনিরহাটের তিনটি ও নীলফামারীর চারটি আসনের জামায়াত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহের। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর শূরা কমিটির সদস্য প্রভাষক আতাউর রহমান, লালমনিরহাট-৩ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এমএস/আরএন