সুনামগঞ্জের ধর্মপাশায় সম্রাট আলী নামে এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ব্রিজ সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যায়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ও ১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া হেরোইন বিক্রির দুইটি হিসাব রেজিস্টার, হেরোইন মাপার দুইটি যন্ত্র, নগদ সাড়ে পাঁচ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক পুলিশ কনস্টেবল সম্রাট আলী শেরপুর জেলার নকলা থানার মাফলার গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী মধ্যনগর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। অপর আটক ব্যক্তি সুমন চন্দ্র সরকার মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা। তিনি নান্টু চন্দ্র সরকারের ছেলে।
পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধর্মপাশা থানায় হস্তান্তর করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, আটককৃত দুইজন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আগামীকাল তাদের আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একে/আরএন