নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে স্লোগান দেওয়াকে ঘিরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাট এলাকায় জড়ো হন। এ সময় ফেরি চালুর কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীরা আবারও পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ বেদম লাঠিচার্জ করে। এ সময় অনুষ্ঠানে আসা হাজারো উৎসুক মানুষ দিকবিদিক ছুটে আত্মরক্ষার চেষ্টা করেন।
নলচিরা ঘাট এলাকার বাসিন্দা জিল্লুর রহমান বলেন, “চেয়ারম্যান ঘাট থেকে ফেরি নলচিরা ঘাটে ভেড়ানোর সঙ্গে সঙ্গে শাপলাকলির পক্ষে স্লোগান দিতে থাকেন সমর্থকেরা। একপর্যায়ে ধানের শীষের সমর্থকরাও পাল্টা স্লোগান দেন। ফেরির কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পক্ষ অন্য পক্ষকে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।”
এদিকে সমর্থকদের ওপর হামলাকারীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যথায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম গণমাধ্যমকর্মীদের বলেন, “ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।”
এমআর/আরএন