ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
১২ তারিখের পর আমিই আপনাদের পাহারাদার হব: দুলু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুল হাবিব দুলু বলেছেন, “আগামী ১২ তারিখের পর আমিই আপনাদের পাহারাদার হব।”

সোমবার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ষষ্ঠ দিনের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, তাকে গ্রেপ্তারের জন্য দেশের প্রায় সব আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামানো হলেও জনগণের প্রতিরোধ ও সমর্থনের কারণে তা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, বিএনপির শীর্ষ নেতারা একাধিকবার কারাবরণ করলেও জনগণের পাশে থাকার কারণে তাকে গ্রেপ্তার করা যায়নি। এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারাই ছিলেন আমার পাহারাদার।”

তিনি আরও বলেন, এ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বসতি বেশি হওয়ায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যেন শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারে এবং ধর্মীয় উৎসবগুলো আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে—সে বিষয়টি নিশ্চিত করাই তাদের দায়িত্ব। তিনি বলেন, দুর্গাপূজাসহ বিভিন্ন সময়ে পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

বিএনপির রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে দুলু বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতিতে বিএনপি বিশ্বাস করে। রাষ্ট্রের মালিকানা সব মানুষের—ধনী-গরিব, সমতল-পাহাড়ি নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক। তবে তিনি অভিযোগ করেন, বারবার এই মালিকানা ক্ষুণ্ন করা হয়েছে এবং দেশকে সঠিক পথে ফেরাতে বিএনপি ধারাবাহিকভাবে সংগ্রাম করে যাচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হাটে-বাজারসহ সর্বত্র ভোট ও প্রার্থী নিয়ে আলোচনা চলছে। জনগণের সেই আলোচনার মধ্য দিয়েই সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

দলীয় অবস্থান ব্যাখ্যা করে দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এবং মুক্তিযুদ্ধের সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি সশস্ত্র যুদ্ধে অংশ নেন। তিনি বলেন, প্রায় ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও প্রত্যাশিত বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন। অতীতে স্বল্প সময়ের জন্য দায়িত্বে থেকেও এলাকায় উন্নয়নের নজির স্থাপন করেছিলেন—উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সেই উন্নয়নের ধারাবাহিকতা নেই। উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন, জেলা যুবদলের সহযুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাভলুসহ জেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝