সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আতলা বিলে অবৈধভাবে সেচ দিয়ে জল শুকিয়ে মাছ ধরার অপরাধে ইসলাম উদ্দিন (২৭) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইসলাম উদ্দিন পাইকুরাটি ইউনিয়নের সনুই কুর্শিবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ডেইলি অবজারভারকে জানান, সেচ দিয়ে জলাশয়ের পানি শুকিয়ে মাছ ধরা জলমহাল ইজারা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কার্যক্রম জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে সংশ্লিষ্ট জলমহালের ইজারা বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একে/ এসআর