কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের পক্ষে শ্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিযুক্ত ছাত্রদল নেতাকে বহিস্কার করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩.৩০ মিনিটে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোগান দিচ্ছে।
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রেক্ষিতে শনিবার উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিন্টু ও সদস্য সচিব মাইদুল হোসাইন স্বাক্ষরিত এক পত্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, “বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন এর নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন ছেলে এসে জোর করে শিক্ষার্থীদের একত্রিত করে এসব দলীয় শ্লোগান দিয়েছে।”
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। পরক্ষণেই আমি দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছি।”
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিন্টু জানান, “নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শিলখুড়ী ইউনিয়নের জাতীয় সংসদ সদস্য নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং তার বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, এজন্য ৪৮ ঘণ্টার মধ্যে উপজেলা ছাত্রদল অফিসে এসে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।”
এএইচ/আরএন