পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের চাপায় এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলীপ রায় (২৮) ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিলীপ রায় নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সে সময় ছলিমপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সেভেন ডিলাক্স নামের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত ৪৮ ঘন্টায় এ সড়কে বাসচাপায় আরও দু'জন নিহত হয়েছেন। এ কারণে স্থানীয়রা ঢাকা-কুয়াকাটা মহাসড়কের এই অংশকে মরণ ফাঁদ বলে আখ্যা দিয়েছেন।
টিএইচ/এমএ