গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তিনি নিজের সমর্থকদের নিয়ে প্রথমে আল্লামা শামসুল হক ফরিদপুরী এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করেন।
বঙ্গবন্ধুর সমাধির ৩ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে কবর জিয়ারত করতে চাইলে পুলিশের বাধার মুখে গেটের পাশেই দাঁড়িয়ে তিনি সমর্থকদের সঙ্গে কবর জিয়ারত সম্পন্ন করেন।
পরে তিনি টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় দুইজন মহামানব জন্মগ্রহণ করেছেন এবং তারা টুঙ্গিপাড়ার মাটিতেই শায়িত আছেন। তাই তাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এমএইচ/আরএন