মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার মিছিল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাদের নাম পরিচয় প্রাথমিক অবস্থায় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামিম মোল্লার সমর্থকরা মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই দলের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খান সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর জের ধরে দুপুর ১ টায় পুনরায় সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের বিএনপি সমর্থক দুই গ্রুপ। এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শতাধিক লোকজন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে চলে যান।
টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু জানান, টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করেছেন। কেউ হতাহত হয়নি। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
এমএইচএস/এসআর