দীর্ঘ ১ মাস ২০ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় বন্দরের আমদানিকারকরা চাল আমদানি শুরু করেন।
বুধবার দুপুরে ভারত থেকে ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের দুইটি চালবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়।
এর আগে গত বছরের ৩০ নভেম্বর সর্বশেষ হিলি বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।
হিলি স্থলবন্দরের স্থানীয় চালের বাজারের আজকের তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল মানভেদে ৭০ থেকে ৭১ টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকা দরে। অন্যদিকে আজ আমদানি করা চাল বন্দরে প্রতিকেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা বর্তমান দেশের বাজারের তুলনায় কেজিতে ৫ টাকা কম।
চাল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, আজ প্রথমবারের মতো ভারত থেকে দুটি ট্রাকে সম্পা কাটারি জাতের চাল আমদানি হয়েছে। চাহিদা থাকায় এসব আমদানিকৃত চাল বন্দরে প্রতিকেজি ৬৪ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। চাল আমদানি আরও বাড়লে দাম আরও কমে আসবে বলে জানান তিনি।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গত ১৮ জানুয়ারি অনুমতি দেওয়ার পর আজ থেকে আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি শুরু করেছেন। আমদানিকৃত এসব চালের মান পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়করণের অনুমতি দেওয়া হচ্ছে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
হিলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বাঁধন জামান বলেন, আজ ভারত থেকে দুইটি ট্রাকে ৭৭ টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালগুলো ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। পরে আরও একটি ট্রাকে ৩৭ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। দ্রুত বাজারজাতকরণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।
জিএম/আরএন