টানা ১৫ দিন হাঁড় কাঁপানো শৈত্যপ্রবাহ শেষে পঞ্চগড়ে অবশেষে ফিরল কিছুটা স্বস্তি। বুধবার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতেই।
জেলায় আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সকাল ৯টায় তাপমাত্রার পারদ ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করায় শৈত্যপ্রবাহের অবসান ঘটেছে। তবে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রায় রেকর্ড হওয়ায় শীতলতম স্থানের তালিকায় শীর্ষে রয়েছে তেঁতুলিয়া।
ভোর থেকেই আকাশে সূর্যের ঝলমলে হাসি দেখা দেওয়ায় জনজীবনে চাঞ্চল্য ফিরেছে। তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় রোদের উষ্ণতা পেতে অপেক্ষা করতে হচ্ছে সকাল ১০টা পর্যন্ত। হিমালয়ের হিমেল বাতাসের কারণে রাতে এবং ভোরে এখনো শীতের প্রকোপ কমেনি। তবুও জীবনযুদ্ধে থেমে নেই প্রান্তিক জনপদের মানুষগুলো।
দীর্ঘস্থায়ী এই শীতে ঘরে ঘরে বাড়ছে সর্দি-জ্বর আর নিউমোনিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে রোগীদের দীর্ঘ লাইন বলে দিচ্ছে শীত বিদায় নিলেও রেখে গেছে অসুখের ছাপ। চিকিৎসকরা বলছেন, এই সময়টা শিশুদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, 'তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে ওঠায় শৈত্যপ্রবাহ কেটেছে। সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা রোদ থাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে দিনের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকলেও রাতের আবহাওয়া এখনো বেশ ঠান্ডা।
এসকে/এমএ