কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফি উল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আগুনের ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার ডলার ত্রিপুরা অগ্নিকাণ্ডের ঘটনার সততা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, ১৬নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি লার্নিং সেন্টারে প্রথম আগুন লাগলে পার্শ্ববর্তী ব্লক সি, ব্লক ডি তে ছড়িয়ে পড়তে শুরু করে। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও রোহিঙ্গা কমিউনিটি সদস্যদের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৫ টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও আগুনে পুড়েছে তিনটি ব্লকের ৪৪৮টি শেল্টার (ঘর), ১০টি লার্নিং স্কুল, ২টি মসজিদ ও ১টি মক্তব। পুড়ে যাওয়া ঘরগুলোতে সাড়ে তিন হাজার আশ্রিত রোহিঙ্গা বাস করতেন।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা আরো জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে। আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি হাসপাতাল পুড়ে যায় এবং ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত।
এফএ/এসআর