সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাড়াদহ ইউনিয়নের মশিপুর ঈদগাঁ মাঠের পাশে এক মহল অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে তা ড্রাম ট্রাকে করে ইটভাটায় বিক্রি করছিল। এই সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান পরিচালনা করেন এবং এক্সেভেটর মেশিনটি জব্দ করেন।
পরবর্তীতে, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০”-এর ধারা ১৫(১) অনুযায়ী গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের ইটভাটার ম্যানেজার শাহ আলমকে ৫ লাখ টাকা জরিমানা করেন এবং মাটি কাটার থেকে বিরত থাকার নির্দেশ দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান জানান, কৃষিজমি রক্ষার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসবি/আরএন