সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল।
রোববার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হয়।
চিঠিতে নির্বাচন কমিশনের বিধিমালা ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কামরুজ্জামান কামরুলকে বিএনপির চূড়ান্ত (ফাইনাল নোমিনেশন) প্রার্থী হিসেবে মনোনীত করার কথা উল্লেখ করা হয়।
রোববার সন্ধ্যায় যোগাযোগ করা হলে কামরুজ্জামান কামরুল বলেন, ‘ধানের শীষের মনোনয়ন দেওয়ায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করব। ধানের শীষ জনগণের আস্থা ও গণতন্ত্রের প্রতীক।’
গত ০৩ নভেম্বর প্রথম দফায় বিএনপি সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হককে প্রার্থী ঘোষণা করলেও পরবর্তীতে একই আসনে কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন দেওয়া হয়। সে সময় দলীয় ভাবে জানানো হয়েছিল, যাকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে তিনিই হবেন চূড়ান্ত প্রার্থী।
চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর আনিসুল হকের কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
একে/এমএ