তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি বাড়ানোর মাধ্যমে সামনের রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানান।
দেশে সাম্প্রতিক দিনগুলোতে এলপি গ্যাসের দাম ও সরবরাহ দুটো ক্ষেত্রেই অস্থিরতা লক্ষ্য করা গেছে। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ খরচেও অনেক জায়গায় জ্বালানি পণ্য মেলে না।
এ সময় এলপি গ্যাস আমদানিকারকরা চলমান সংকটের জন্য বিইআরসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন। তারা অভিযোগ করেন, সরকার সময়মতো আমদানি বাড়ানোর প্রক্রিয়ায় সাড়া দেয়নি।
তবে এ দাবি নাকচ করে দেন বিইআরসি চেয়ারম্যান। কয়েকটি প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, 'যারা বাড়তি আমদানি করেছে, তাদের বাধা দেয়া হয়নি। জানুয়ারিতে ১ লাখ ৫০ হাজার টন এলপিজি আসার কথা রয়েছে। আশা করি রমজানে সমস্যা হবে না।'
এসআর