হোমনায় এক পাইকারি সিলিন্ডার গ্যাস ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে হোমনা উপজেলার হোমনা বাসস্ট্যান্ডসংলগ্ন মেসার্স হাবিব এলপি গ্যাস প্রতিষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে বিক্রয় ভাউচার প্রদান না করে গ্যাস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হাবিব মিয়াকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহাম্মেদ মোফাচ্ছের বলেন, পাইকারি গ্যাস সিলিন্ডার ডিলাররা বিক্রয় ভাউচার ছাড়াই সিলিন্ডার বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে উক্ত জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় হোমনা থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
কেএইচ/আরএন