ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। রাষ্ট্রদূতকে ডেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলিবর্ষণে শিশুর আহত হওয়ার ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, বাংলাদেশের দিকে বিনা উস্কানিতে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিবেশী দেশের সঙ্গে এ ধরনের ঘটনার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য প্রতিবন্ধক।
ভবিষ্যতে এ ধরনের আন্তঃসীমান্ত গোলাগুলি বন্ধ রাখতে মিয়ানমারকে সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যাই ঘটুক না কেন, তা যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকা প্রভাবিত না করে; তা নিশ্চিত করতে বলা হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে, তার সরকার এই ধরনের ঘটনা বন্ধে ব্যবস্থা নেবে এবং আহত ব্যক্তি ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
এসইউ/আরএন