Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       সড়কে একই পরিবারের ৪ জনসহ প্রাণ গেল ৫ জনের      সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      

তারেক রহমানের নির্দেশে ভোলা-১ আসন থেকে সরে গেলেন বিএনপির প্রার্থী

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৬০)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভোলা-১ (সদর) আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর। 

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ভোলা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. শামীম রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে গোলাম নবী আলমগীর রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র প্রত্যাহারের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে ভোলা-১ আসনে বিএনপির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের বিপক্ষে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গোলাম নবী আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম মোশাররফ হোসেন শাজাহানের ছোট ভাই। সে কারণে এলাকায় তার ব্যক্তিগত ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে।

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ভোলা-১ আসনে ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মরহুম মোশাররফ হোসেন শাজাহান। তবে ২০০৮ সালে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম সত্ত্বেও জোটগত সিদ্ধান্তের কারণে আসনটি ছেড়ে দেওয়া হয় এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সংসদ সদস্য নির্বাচিত হন।

আসন্ন নির্বাচনে শুরুতে আন্দালিভ রহমান পার্থের ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ওই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলে জোটগত সমঝোতার ভিত্তিতে ভোলা-১ আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ফলে এবারও এই আসনে বিএনপির সরাসরি প্রার্থী থাকছে না। জোটের প্রার্থী হিসেবে ‘গরুর গাড়ি’ প্রতীকে নির্বাচন করবেন আন্দালিভ রহমান পার্থ।

এর আগে গত শনিবার এক সভায় গোলাম নবী আলমগীর বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ঢাকায় ডেকে নিয়ে জোটের স্বার্থে ভোলা-১ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্তের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করেন গোলাম নবী আলমগীর।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলেও তিনি বিএনপি ছাড়া অন্য কোনো দলে যাবেন না। বিএনপিই তার একমাত্র রাজনৈতিক দল, এ কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

এএম/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close