মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার রাত (আনুমানিক ৩টার দিকে) ওই গৃহবধূ সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদকে আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, রোববার রাতে স্বামীর নিজস্ব ব্যাটারিচালিত ভ্যানে করে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলা এলাকায় নানার বাড়িতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। রাত তিনটার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নেন। এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য তাদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেন।
একপর্যায়ে হাসপাতালের নতুন ভবনের দশতলার নিচতলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় গৃহবধূকে নিয়ে যান তারা। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর গৃহবধূ নিচতলায় নেমে স্বামীকে বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরের দিকে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এএ/আরএন